ভারত আগত সাহাবী

 উপমহাদেশে সাহাবীদের আগমন

এই উপমহাদেশের সহিত আরব দেশের বাণিজ্য সম্পর্ক অতিশয় প্রাচীন। কাজেই ষষ্ট ঈসায়ী শতকে আরব সাগরের পশ্চিম উপকূলে- আরব দেশে- যে বিপ্লব সাধিত হইয়াছিল, পূর্ব উপকূলে অবস্থিত এই উপমহাদেশে উহার প্রথম তরংগাভিঘাত আসিয়া পৌঁছা অত্যন্ত স্বাভাবিক ছিল। নির্ভরযোগ্য ইতিহাস হইতে প্রমাণিত হয় যে, ইসলামী বিপ্লবের প্রথম কয়েক বৎসরে- নবূয়্যাত ও প্রথম খলীফার আমলে- না হইলেও দ্বিতীয় খলীফা হযরত উমর ফারূক (রা)-এর খিলাফতকালে বিশ্ব নবীর সাহাবিগণের কেহ কেহ এই উপমহাদেশে আগমন করিয়াছেন। এই সময়ে যে কয়জন সাহাবীর ভারত আগমনের সন্ধান পাওয়া যায়, তাঁহারা হইতেছেন- (১) হযরত আবদুল্লাহ ইবনে আবদুল্লাহ ইবনে উতবান, (২) হযরত আসেম ইবনে আমর আততমীমী, (৩) হযরত সুহার ইবনে আল-আবদী, (৪) হযরত সুহাইব ইবনে আদী এবং (৫) হযরত আল-হাকেম ইবনে আবিল আস আসসাকাফী (রা)।[সিয়ারুস সাহাবা, ৬ষ্ঠ খণ্ড।]

অতঃপর হযরত উসমান, হযরত আলী ও আমীর মুয়াবিয়ার শাসনামলেও ভারতে সাহাবীদের আগমন অব্যাহত থাকে। কিন্তু এই যুগে ভারত আগমনকারী মাত্র তিনজন সাহাবীর সন্ধান পাওয়া যায়। হযরত উসমানের খিলাফতকালে যে দুইজন সাহাবী ভারতবর্ষে আগমন করেন, তাঁহারা হইতেছেন (১) হযরত উবাইদুল্লাহ ইবনে মা’মর আততামীমী ও (২) হযরত আবদুর রহমান ইবনে সামুরা ইবনে হাবীর ইবনে আবদে শামস। আর হযরত আমীর মুয়াবিয়ার যুগে আসেন হযরত সিনান ইবনে সালমাহ ইবনে আল মুহাব্বিক আল- হযালী। তদানীন্তন ইরাক শাসনকর্তা যিয়াদ তাঁকে ভারত সীমান্তের শাসনকর্তা নিযুক্ করিয়া পাঠাইয়াছিলেন।

Comments